খাদ্যবান্ধব কর্মসূচির চালের বস্তায় ডিজিটাল ছাপ

ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্যবান্ধব কর্মসূচিতে বিতরণের জন্য বিভিন্ন মিল মালিকদের কাছ থেকে সংগ্রহ করা সিদ্ধ ও আতপ চালের বস্তায় দেওয়া হচ্ছে ডিজিটাল ছাপ (স্টেনসিল)। মূলত স্বচ্ছতা আনার জন্য সারা দেশের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা খাদ্য বিভাগ প্রথম এ উদ্যোগ নিয়েছে। এ স্টেনসিলে মিলের নাম-ঠিকানাসহ চাল উৎপাদনের তারিখও উল্লেখ করা হচ্ছে। এতে করে চালে কোনো ধরনের সমস্যা হলে খুব সহজেই সরবরাহকৃত মিলকে শনাক্ত করা যাবে।

জানা গেছে, প্রতিটি মিলের পক্ষ থেকে বস্তায় মিলের নামসহ সিল থাকে। কিন্তু এ সিলটি মুছে যায়। এতে করে পরবর্তী সময়ে চালে সমস্যা হলে সরবরাহকৃত মিলকে শনাক্ত করতে অসুবিধা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী বলেন, চাল কেনার পাঁচ-ছয় মাস পর যখন বিতরণ করি অথবা অন্য জায়গায় পাঠাই তখন যদি চালের বস্তায় ওজন কম হয় বা চালের মান খারাপ হয় তাহলে বস্তার সিল যদি স্পষ্ট না হয় আমাদের বোঝার উপায় থাকে না এটি কোন মিলের। সেজন্য এবার মিল মালিকদের পাশাপাশি আমরাও ডিজিটাল স্টেনসিল দেওয়ার উদ্যোগ নিয়েছি।