দিনাজপুরের হিলি দিয়ে রেলপথে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ভারতের মহারাষ্ট্রের নাসিক থেকে এই চালান পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় এই পেঁয়াজ হিলি রেলস্টেশন আসে। ১০টার পর পেঁয়াজগুলো খালাসের পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।
পেঁয়াজ আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, করোনাভাইরাসের কারণে ভারত ও বাংলাদেশে ‘লকডাউন’ চলায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এ অবস্থায় সরকার অনুমতি দেওয়ায় রেলপথ দিয়ে পেঁয়াজ আমদানির জন্য আমার প্রতিষ্ঠান রাইয়ান ট্রেডার্সের মাধ্যমে ১ হাজার ৬০০ টনের এলসি (ঋণপত্র) খুলেছিলাম। আজ (গতকাল) ভারতের মহারাষ্ট্রের নাসিক থেকে বিরল রেলবন্দর দিয়ে ৪২টি ওয়াগনের মাধ্যমে পেঁয়াজ হিলি স্টেশনে এসেছে। এই রেলপথ ভালো হওয়ায় দীর্ঘদিন পর ভারত থেকে বিরল হয়ে হিলি স্টেশনে আসতে ৯ দিনের মতো সময় লাগল। তবে এই পথ দিয়ে আরও কিছু কাজ রয়েছে, সেগুলো সমাধান করা হলে রেলপথ দিয়ে প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানি হবে। দীর্ঘদিন পর পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে সরবরাহ বাড়বে, দামও কমবে। এসব পেঁয়াজ আমদানিতে ২১-২২ টাকার মতো পড়ছে, যা বিক্রি করা হচ্ছে প্রকারভেদে ২৩-২৭ টাকা কেজি দরে।
হিলি রেলওয়ে স্টেশনমাস্টার তপন কুমার চক্রবর্তী বলেন, আজ (গতকাল) সকাল সাড়ে ৮টার দিকে ভারত থেকে ৪২টি বগিতে পেঁয়াজ নিয়ে ভারতীয় একটি মালবাহী ট্রেন হিলি রেলস্টেশনে এসে পৌঁছে। এরপর ট্রেন থেকে পেঁয়াজ খালাস শেষ হলে ভারতের ট্রেনটি দর্শনা বন্দর দিয়ে ফিরে যাবে।