করোনা জয় করে বাড়ি ফিরলেন সাবেক ক্রিকেটার আশিক

কারোনাভাইরাসে আক্রান্ত সাবেক ক্রিকেটার ও কোচ আশিকুর রহমান সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি।

ক্রিকেটারদের মধ্যে আশিকই প্রথম ব্যক্তি যিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সুস্থ হয়ে ফিরে সৃষ্টিকর্তা ও সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আশিক লিখেছেন, ‘২০ দিন করোনার সঙ্গে যুদ্ধ করার পর করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। সবার দোয়া ও সৃষ্টিকর্তার ভালোবাসা আমাকে সুস্থ হওয়ার মানসিক শক্তি দিয়েছে। নিশ্চয়ই সৃষ্টিকর্তা আমাদের রক্ষা করবেন।’

গত ১২ মে আশিকের শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়। এরপর থেকেই রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন। সবশেষ যে দুইবার তার করোনা পরীক্ষা করা হয়েছে, দুইবারই ফলাফল নেগেটিভ এসেছে। তবে বাড়ি ফিরলেও চিকিৎসকের পরামর্শে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে আশিককে।

বর্তমানে বিসিবির অনূর্ধ্ব ১৫ ও অনূর্ধ্ব-১৭ দলে কোচের দায়িত্বে থাকা আশিক ১৫টি প্রথম শ্রেণির ম্যাচ ও ১৮টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। ২০০৭ সালে সবশেষ বড় পর্যায়ে খেলেন। ক্রিকেটকে বিদায় বলার পর কোচিং ক্যারিয়ারে আসেন। কাজ করেছেন বাংলাদেশ নারী দল ও বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগেও।

দেশের ক্রিকেটের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত আশিক। আশরাফুল ও আশিকের বেড়ে ওঠা একসঙ্গে। গুরু ওয়াহিদুল গনির অঙ্কুর ক্রিকেট একাডেমিতে আশরাফুলের সঙ্গে হাতে-খড়ি হয় আশিকেরও। একসঙ্গে খেলেছেন বয়সভিত্তিক ক্রিকেটেও।