ঠাকুরগাঁওয়ের দেবীগঞ্জ উপজেলার করতোয়া নদীতে ডুবে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছে দুই ভাই। গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে নদীর জয়গঞ্জ ঘাটে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো সদর উপজেলার গড়েয়া গোপালপুর সরকারপাড়ার নাজমুল ইসলামের ছেলে সৌরভ (১৮) এবং রেজওয়ানুল আলমের ছেলে রাইয়ান রেজা ওরফে রাইম (১৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই। সৌরভ গড়েয়া ডিগ্রি কলেজের এইচএসসিতে আর রাইম ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণিতে পড়ত। সৌরভ ও রাইমের বন্ধু লিয়ন জানায়, তারা আট বন্ধু মিলে করতোয়া নদীর জয়গঞ্জঘাটে ঘুরতে যায়। উল্লাস করে নদীর তীরে ছবি তোলে। এরপর নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে রাবিব নামে তাদের এক বন্ধু তলিয়ে যায়। তার চিৎকারে বাঁচাতে যায় সৌরভ ও রাইম। তাদের প্রাণপণ চেষ্টায় রাবিব তীরে উঠে এলেও ডুবে যায় দুই ভাই (সৌরভ ও রাইম)। পরে তিন-চার ঘণ্টা ডুবুরি দল চেষ্টা চালিয়ে তাদের লাশ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গড়েয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহ রেজওয়ানুল ইসলাম বলেন, দুই কিশোরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।