ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে আজ শনিবার। বিকেল ৩টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে এ সভায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশ নেবেন। করোনাভাইরাস সংক্রমণ রোধে সাধারণ ছুটি শেষে রবিবার থেকে দেশের সরকারি-বেসরকারি অফিসে স্বাস্থ্যবিধি মেনে ‘সীমিত’ পরিসরে কার্যক্রম শুরু হচ্ছে। এ প্রেক্ষাপটে উচ্চ ও অধস্তন আদালতে বিচার কার্যক্রম কীভাবে চলবে, এ বিষয়ে ফুলকোর্ট সভার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন আইনজীবীরা।
গত ২৬ মার্চ সাধারণ ছুটি ঘোষণার পর থেকে সারা দেশে আদালতের কার্যক্রমও বন্ধ ছিল। পরে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের আলোকে ৯ মে ভার্চুয়াল আদালতসংক্রান্ত অধ্যাদেশ জারি করে সরকার। এরপর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উচ্চ ও অধস্তন আদালতে সীমিত পরিসরে মামলার শুনানি হয়। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী এই সময়ে অধস্তন আদালতে কেবল জামিন শুনানি হয়। ৯টি কর্মদিবসে ভার্চুয়াল শুনানিতে ১৯ হাজারেরও বেশি আসামি জামিন পান। এ ছাড়া হাইকোর্টের একাধিক ভার্চুয়াল বেঞ্চে জামিন শুনানিসহ অন্যান্য মামলার শুনানি ও আদেশ আসে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‘আদালত খুলবে কি খুলবে না, সেটি একান্তই সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিষয়। তারা যে সিদ্ধান্ত নেবেন, তাতেই আমরা যাব। সুপ্রিম কোর্ট যদি আদালত খুলে দেন, আমরা সেভাবেই প্রস্তুতি নেব। যদি ভার্চুয়াল আদালত চালু রাখেন তাহলে আমাদের প্রস্তুতিও সেভাবেই থাকবে। আদালত খুললে আইনজীবীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা প্রস্তুতি নেব।’