মুন্সীগঞ্জের করোনা আক্রান্ত বাউল শিল্পী মারা গেছেন

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রায়েরবাগ গ্রামের করোনায় আক্রান্ত বাউল শিল্পী ফুলচাঁন শেখ (৩৮) মারা গেছেন। গতকাল শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফুলচাঁনের মেয়ে শাহিনুর আক্তার দেশ রূপান্তরকে জানান, করোনায় আক্রান্ত হওয়ার পর বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন তার বাবা। ঈদের পরদিন তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান জানান, গত ১৯ মে ফুলচাঁনের শরীরে করোনা শনাক্ত হয়। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।