ট্রাম্পের পোস্ট নিয়ে ফেইসবুক কর্মীদের মতবিরোধ ফাঁস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মিথ্যা’ এবং ‘আক্রমণাত্মক’ পোস্ট নিয়ে ফেইসবুকের অনেক কর্মীর আপত্তি আছে। প্রতিষ্ঠানটির নিজস্ব ভার্সনের গ্রুপে কয়েক জন কর্মী ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওই পোস্ট সরানোর পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ।

মিনেসোটা অঙ্গরাজ্যের চলমান আন্দোলন নিয়ে ট্রাম্পের করা পোস্টের বিষয়ে ফেইসবুকের এক কর্মী লিখেছেন, ‘আমাকে বলতেই হবে আমি বিকৃতি দেখতে পাচ্ছি। আমাদের আরও কঠোর হতে হবে। এসব বিষয়  অস্থিরতা ছড়ানোর জন্য যথেষ্ট। এই পরীক্ষায় আমরা ব্যর্থ হলে, ইতিহাস আমাদের দয়া দেখাবে না।’

ট্রাম্প সম্প্রতি আসন্ন মার্কিন নির্বাচনের ভোটের পদ্ধতি নিয়ে পোস্ট করেন। টুইটার সেই পোস্টে ফ্যাক্ট-চেকিং লিংক জুড়ে দেয়। লিংকে ক্লিক করলে বোঝা যায় প্রেসিডেন্টের দাবির সত্যতা নেই। এরপর মিনেসোটা আন্দোলনের বিষয়ে তিনি লেখেন, ‘লুট শুরু হলে গুলি শুরু হয়।’

পোস্টগুলো টুইটার চিহ্নিত করলেও ফেইসবুক কিছুই করছে না। অনেকের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্টের রোষানল থেকে বাঁচতে ফেইসবুক এমনটি করছে।

ফেইসবুক অবশ্য বলছে, ট্রাম্পের পোস্ট তাদের নীতিমালা ভাঙেনি।

ফেইসবুক সিইও মার্ক জাকারবার্গ ইতিমধ্যে বলেছেন, অনলাইনে তারা টুইটারের মতো সালিশ বসাতে পারবেন না।

দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি নিয়ে ফেইসবুকের কর্মীরা দুই ভাগে ভাগ হয়ে গেছেন। তবে জাকারবার্গের কারণে প্রকাশ্যে কেউ মুখ খুলছেন না।