তিন মাস জার্মানিতে আটকে থাকার পর দেশে ফিরলেন আনন্দ

তিন মাসেরও বেশি সময় জার্মানিতে আটকে থাকার পর শনিবার বাড়ি ফিরলেন ভারতীয় দাবাড়ু বিশ্বনাথন আনন্দ।

বুন্দেসলিগা দাবায় অংশ নিতে গত ফেব্রুয়ারিতে জার্মানি গিয়েছিলেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন আনন্দ। জানুয়ারিতেই অবশ্য জার্মানিতে থাবা বসিয়েছিল করোনাভাইরাস। ফেব্রুয়ারিতে তা আরও বাড়ে। আনন্দ তাই টুর্নামেন্ট খেলতে গিয়ে পড়ে যান বিপাকে।

সেই মার্চ থেকে চেন্নাই ফেরার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় দেশে ফেরার কোনো উপায় ছিল না তার। ভারতে চতুর্থ দফার লকডাউন শিথিল হওয়ার পর, বিমান সেবা চালু হলে দেশে ফিরলেন আনন্দ।

শুক্রবার রাতে ফ্রাঙ্কফুর্ট থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে ওঠেন তিনি। শনিবার দিল্লি হয়ে বেঙ্গালুরু পৌঁছান। অবশ্য দেশে ফিরলেও নিয়ম মেনে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে আনন্দকে।