নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় করোনায় আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের লাশ দাফন করছে স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকার গঠন করা স্বেচ্ছাসেবক দল। উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ পর্যন্ত এই দল ১০টি লাশ দাফন করেছে।
করোনায় মারা যাওয়া ব্যক্তিদের আত্মীয়-স্বজন যখন লাশ দাফনে অনীহা প্রকাশ করছেন, তখন এ দলটি লাশের দাফন সম্পন্ন করছে।
গতকাল শনিবার সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের চোত্রাপাশা গ্রামে নিজ বাড়িতে করোনা উপসর্গ নিয়ে মারা যান মৃত জালালউদ্দিনের ছেলে সামসুল হক। খবর পেয়ে সেখানে হাজির হয় ওই স্বেচ্ছাসেবক দল। তারা করোনা স্বাস্থ্যবিধি অনুযায়ী দ্রুত লাশের দাফন সম্পন্ন করে।
নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা বলেন, ‘উপজেলায় করোনায় আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে যারা মারা যাচ্ছেন, তাদের দাফন যাতে সম্মানজনকভাবে সম্পন্ন হয়, সে জন্য একটি স্বেচ্ছাসেবক দল গঠন করে দিয়েছি।’