আখাউড়া জংশনে আজ থেকে যাত্রাবিরতি ৩ আন্তঃনগর ট্রেনের

করোনা প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ দুই মাসেরও বেশি সময় যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকার পর আজ রবিবার থেকে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হবে। তবে আগের শিডিউল নেই আখাউড়া জংশন স্টেশনে। এখন কয়েকটি ট্রেন এখানে যাত্রাবিরতি করবে বলে জানিয়েছেন আখাউড়া রেলওয়ে জংশন কর্তৃপক্ষ। 

জংশন কর্তৃপক্ষ জানায়, ৩টি আন্তঃনগর ট্রেন যাত্রাবিরতি করবে। ট্রেনগুলো হলো কালনী, পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস ট্রেন। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, চট্টগ্রাম-সিলেট রুটের এ তিন ট্রেনে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীরা চলাচল করতে পারবেন। এছাড়া আগামী ৩ জুন থেকে উপকূল এক্সপ্রেস নোয়াখালী-ঢাকা রুটে চলাচল শুরু করলে সেটিও আখাউড়া রেলওয়ে জংশনে যাত্রা বিরতি করবে বলে জানা যায়। তবে ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে। ট্রেনের ভেতরে খাবারের ব্যবস্থা থাকবে না। ট্রেনের এক দরজা দিয়ে উঠতে হবে এবং নামতে হবে অন্য দরজা দিয়ে। টিকিট ছাড়া যাতে কেউ প্লাটফর্মে প্রবেশ করতে না পারে সে বিষয়টি শতভাগ নিশ্চিত করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।