পোস্ট ভাইরাল হলেই প্রোফাইল খুঁটিয়ে দেখবে ফেইসবুক

ভাইরাল হওয়ার আশায় এখন আর যা খুশি পোস্ট করা যাবে না ফেইসবুকে। কারণ, কোনো অ্যাকাউন্ট থেকে যদি কোনো পোস্ট ভাইরাল হয়ে যায়, তাহলে ওই অ্যাকাউন্ট বা প্রোফাইলটি ভালো করে খুঁটিয়ে যাচাই করবে ফেইসবুক। বৃহস্পতিবার সংস্থাটির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। এদিন তারা জানিয়েছে, মূলত ভুয়া পোস্ট বা গুজব ছড়ানো রুখতেই এই নতুন পদক্ষেপ নিয়েছে ফেইসবুক। এখন থেকে কোনো পোস্ট, ছবি বা ভিডিও ভাইরাল হলেই যে আইডি থেকে ওই পোস্ট করা হয়েছে, সেটির ‘খবর’ নেবে ফেইসবুক।

বৃহস্পতিবার ফেইসবুকের ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে এখন বেশ কিছু অ্যাকাউন্ট বা প্রোফাইলের আইডি যাচাই করা হচ্ছে। যেসব পেজের কোনো অ্যাডমিন অনুমোদন নেই, সেগুলো থেকে এখন আর কোনো পোস্ট করা যাবে না। তারা জানিয়েছে, যতক্ষণ না আইডিগুলোর ‘ভেরিফিকেশন’ সম্পূর্ণ হচ্ছে, ততক্ষণ ওই আইডি, অ্যাকাউন্ট বা প্রোফাইল থেকে কোনো কিছুই পোস্ট করা যাবে না। ফেইসবুকের মাধ্যমে ভুয়া খবর বা গুজব ছড়ানো রুখতে ধাপে ধাপে আরও কড়া পদক্ষেপের কথা ভাবছে ফেইসবুক কর্র্তৃপক্ষ।