মানুষের পাশে দাঁড়ানোই আ.লীগের রাজনীতি

করোনা মহামারী মাথায় রেখে আওয়ামী লীগের ‘যৌক্তিক রাজনৈতিক কার্যক্রম’ চলবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলটির কেন্দ্রীয় নেতারা। তারা বলছেন, লকডাউনের মধ্যেও আওয়ামী লীগ তাদের কার্যক্রম চালিয়ে গেছে, আগামীতেও মানুষের প্রয়োজনে আওয়ামী লীগ কাজ চালিয়ে যাবে। 

গতকাল শনিবার দেশ রূপান্তরকে তারা আরও বলেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর আওয়ামী লীগ সবচেয়ে বেশি রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। সারা দেশে ত্রাণ কমিটি গঠন করেছে, ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে। নেতাকর্মীরা মানুষের অভাব-অনটনের কথা শুনছেন। সামাজিক দূরত্ব বজায় রেখে পাড়া-মহল্লায় যোগাযোগ রাখছেন এর সবই তো রাজনৈতিক কর্মকাণ্ড। তারা বলেন, আগামীতেও যৌক্তিকভাবে যা যা করা যায় তার সবই করবে আওয়ামী লীগ। লকডাউন থাকা অবস্থায়ও আওয়ামী লীগ মানুষের সেবায় নিয়োজিত ছিল, এখনো থাকবে।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান দেশ রূপান্তরকে বলেন, আগের যেকোনো সময়ের চেয়ে এখন বেশি রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। তিনি বলেন, করোনাকালীন পুরো সময়ে রাজনীতি চলবে দলের। শুধু সভা-সমাবেশই রাজনীতিক কর্মকাণ্ড নয়, এর বাইরেও কাজ করা যায় তা আমরা করছি।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘করোনাভাইরাস মহামারী মাথায় রেখে যৌক্তিক যেসব রাজনৈতিক কর্মকাণ্ড চলে আওয়ামী লীগ তার সবই করবে। আমরা কেউ রাজনীতির বাইরে নই।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য আব্দুর রহমান বলেন, ‘আমাদের নেতাকর্মীরা সারা দেশে দুর্ভোগে পড়া মানুষদের পাশে দাঁড়িয়েছে শুরু থেকে এটা কি রাজনীতি নয়। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে বসে নেই। আমরা দলীয় কার্যক্রম অব্যাহত রেখেছি, তা অব্যাহত থাকবে।’ তিনি বলেন, ‘রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ত্রাণ সেবা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘লকডাউনের মধ্যেও আওয়ামী লীগ তাদের কার্যক্রম চালিয়ে গেছে, এখনো মানুষের প্রয়োজনে আওয়ামী লীগ কাজ চালিয়ে যাবে।’ তিনি বলেন, ‘সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে জনগণের সেবায় সর্বদাই নিয়োজিত থাকবে আওয়ামী লীগের সারা দেশের নেতাকর্মীরা।’