গবেষকরা বলছেন, একবার করোনা আক্রান্ত হলে পরবর্তীকালে সেই রোগীর জটিল অপারেশনের ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। এমনকি ছোটখাট অপারেশনের পরও এই ঝুঁকি থেকে যায়।
করোনায় মৃত্যুর হার অন্যান্য মহামারীর চেয়ে কম হলেও লন্ডনের চিকিৎসকদের এমন গবেষণা রিপোর্ট চমকে উঠার মতোই।
ল্যাঞ্চেট জার্নালে প্রকাশিত ওই গবেষণায় ২৪টি দেশের ২৩৫টি হাসপাতালের ১১২৮ জন রোগীকে পর্যবেক্ষণ করা হয়েছিল।
গবেষকরা বলছেন, স্বাভাবিকভাবেই অস্ত্রোপচারের পর নানারকম প্রতিক্রিয়া তৈরি হয় রোগীদের মধ্যে। কিন্তু করোনাকে জয় করে ফিরে আসা রোগীদের মধ্যে এই প্রতিক্রিয়াগুলো জটিল আকার নেয়। ফলে প্রাণের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। তাই করোনামুক্ত রোগীদের অপারেশনের পর খুব সাবধানে রাখতে হবে।
সেখানে বলা হয়, এই ধরনের রোগীদের থার্টি ডেজ মর্টালিটি রেট অর্থাৎ অপারেশনের পর ৩০ দিনের মধ্যে মৃত্যুর হার ২৪ শতাংশ। যা সাধারণ রোগীর চেয়ে অনেকটাই বেশি। খুব ছোট অপারেশনের ক্ষেত্রেও এই ঝুঁকি বেশি।
গবেষকরা জানাচ্ছেন, জরুরি অস্ত্রোপচারের ক্ষেত্রে করোনামুক্ত রোগীদের মৃত্যুর হার ২৫.৬ শতাংশ। আবার জরুরি নয় এমন অপারেশের ক্ষেত্রে মৃত্যু ভয় ১৬.৩ শতাংশ। আবার নারীদের তুলনায় পুরুষদের ঝুঁকি বেশি। বয়স অনুযায়ীও এই ঝুঁকির তারতম্য রয়েছে। বিশেষ করে, ৭০ উর্ধ্বের বয়সে ঝুঁকি অন্যদের তুলনায় বেশি।
এ প্রসঙ্গে গবেষণাপত্রের এক লেখক বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে অনিল ভঙ্গু বলেন, “মহামারী ছড়ানোর আগে অস্ত্রোপচারের সময় যে সব রোগীদের ঝুঁকিপূর্ণ বলে মনে হতো, তাদের তুলনায় করোনাজয়ী রোগীদের মৃত্যুহার অনেকটাই বেশি।”