চট্টগ্রামের মিরসরাইয়ে অস্ত্রসহ ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার, একটি পিস্তল, চার রাউন্ড গুলি, ছিনতাই করা দুইটি মোবাইল ফোন, নগদ টাকাসহ বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়।
শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর কলেজ এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সীতাকুণ্ড উপজেলার কালুশাহ্ মাজার এলাকার জামাল উল্লার ছেলে রাহাদুল আলম, ভাটিয়ারী এলাকার শফিক উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন প্রকাশ আসলাম, নুনাছড়া গ্রামের আনিস উল্লার ছেলে নিজাম উদ্দিন ও মহানগর গ্রামের স্বপন শীলের ছেলে হৃদয় শীল।
মিরসরাই থানার ওসি মজিবুর রহমান জানান, একটি প্রাইভেট কার নিয়ে ৪ ছিনতাইকারী মিরসরাইয়ের দিকে আসছে এরকম গোপন খবরের ভিত্তিতে আমরা নিজামপুর কলেজ এলাকায় একটি চেকপোস্ট বসাই। এসময় ঢাকামুখী একটি প্রাইভেট কার তল্লাশি করে গাড়িতে থাকা ৪ জনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে গাড়ি থেকে চার রাউন্ড গুলিসহ একটি পিস্তল ও ছিনতাই করে নিয়ে আসা বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র ও ছিনতাইয়ের ২টি মামলা দায়ের করা হয়েছে।