কেন কখনোই মদ-তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনে দেখা যায়নি শচীনকে

খেলোয়াড়ি জীবন বা খেলা ছাড়ার পর কোনো দিনই মদ বা সিগারেটের কোনো ব্র্যান্ডের প্রচারণায় দেখা যায়নি তাকে। কেন?  বিশ্ব তামাক বিরোধী দিবসে শচীন টেন্ডুলকার জানালেন আসল কারণ।

সারা জীবনে শচীন ব্যক্তিগত আদর্শকে আঁকড়ে থেকেছেন। কখনো যুব সমাজকে মদ ও তামাকজাত দ্রব্য সেবনে উৎসাহিত করবেন না, এটা ছিল তার পণ। মাস্টার ব্লাস্টারের মধ্যে এই নৈতিকতার বীজ বুনে দিয়েছিলেন তার বাবা রমেশ টেন্ডুলকর।

তিনি ছেলেকে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, মানব সমাজকে অবক্ষয়ের পথে ঠেলে দেয় এমন কোনো পণ্যের বিজ্ঞাপন কখনো না করতে। ব্যক্তিগত আদর্শ ও বাবার আদেশ, দু’টিকে সম্বল করে তিনি নিজের জায়গা থেকে এক পাও নড়েননি।

খেলোয়াড় জীবনে শচীনের ব্যাটে নিজেদের বিজ্ঞাপনী লোগো ব্যবহারের জন্য বিপুল অর্থের প্রলোভন দেখিয়েছিল একটি তামাকজাত দ্রব্য প্রস্তুতকারী সংস্থা। তবে প্রলোভনের কাছে মাথা নত করেননি শচীন।

এমনকি খেলা ছাড়ার পরও শচীনকে বার্ষিক ২০ কোটি টাকার বিজ্ঞাপনী চুক্তির প্রস্তাব দিয়েছিল অ্যালকোহল ও তামাকজাত দ্রব্য প্রস্তুতকারী সংস্থা। তবে এমন বিপুল অর্থের লোভনীয় প্রস্তাবেও টলানো যায়নি শচীনকে।