নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার পাঁচকাঠা গ্রামের সিদ্দিক মিয়ার দেড় বছর বয়সের ছেলে আকাশ মিয়া বাড়ির উঠানে খেলছিল। বাড়ির সকলের অগোচরে সে উঠানের পাশের পুকুরে ডুবে যায়। পরে বাড়ির লোকজন ওই পুকুর থেকে শিশু আকাশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিকেলে উপজেলার বাগজান গ্রামের আয়নাল মিয়ার দেড় বছর বয়সের শিশু কন্যা আমেনা খেলতে খেলতে বাড়ির পেছনের ডোবায় পড়ে যায়। পরে ওই শিশুটিকে তার পরিবারের লোকজন ডোবা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
একই দিন বিকেলে উপজেলার কূতিগাও গ্রামে মামার বাড়িতে বেড়াতে আসা পার্শ্ববর্তী বারহাট্টা উপজেলার চাকুয়া গ্রামের মামুন মিয়ার দেড় বছর বয়সের শিশু কন্যা মাইমুনা বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে ওই শিশুটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।