লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব স্থগিত

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদীতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩০তম তিরোধান উৎসব স্থগিত করা হয়েছে।

গতকাল সোমবার আশ্রম পরিচালনা কমিটির সদস্য সচিব শংকর কুমার দে এ তথ্য জানান। তিনি আরও জানান, বার্ষিক উৎসব স্থগিত করা হয়েছে। আশ্রমের ভেতরে পূজা-অর্চনা চললেও ভক্তদের প্রবেশ নিষেধ। এজন্য আমরা ভক্তদের কাছে ক্ষমাপ্রার্থী।

প্রত্যেক বছর লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে তিন দিনব্যাপী অনুষ্ঠান হয়। এবারের অনুষ্ঠানের পূর্বনির্ধারিত দিন আজ মঙ্গলবার। ভারত, নেপাল, ভুটান ও মিয়ানমার থেকে লাখ লাখ তীর্থযাত্রী এতে যোগ দিতেন।