করোনা বিস্তার রোধে ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি থাকায় এ সময় অনেকেই তাদের ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস) ও বিভিন্ন সঞ্চয়ী স্কিমের কিস্তি পরিশোধ করতে পারেননি। তাই গত এপ্রিল ও মে মাসের আমানতের কিস্তি জমা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বিলম্ব ফি বা চার্জ বাবদ অতিরিক্ত অর্থ না আদায়ের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এ ক্ষেত্রে অবশ্যই আমানতকারীদের চলতি মাসের ২০ তারিখের মধ্যে এপ্রিল ও মে মাসের নির্ধারিত কিস্তি জমা দিতে হবে। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি হয়েছে।
এতে বলা হয়েছে, নভেল করোনাভাইরাসের বিস্তার ও সংক্রমণ রোধে সরকার ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে। সরকারঘোষিত সাধারণ ছুটি চলাকালে গণপরিবহন চলাচল বন্ধ, জরুরি প্রয়োজন ছাড়া জনসাধারণের বাইরে যাওয়া এবং ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় অনেক আমানতকারীর পক্ষেই ডিপোজিট পেনশন স্কিম ব্যাংকে জমা করা সম্ভব হয়নি।
বিষয়টি বিবেচনায় চলতি বছরের এপ্রিল ও মে মাসের কিস্তি জমা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বিলম্ব ফি বা চার্জ বাবদ অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। এছাড়া ওই সময় কোনো সঞ্চয় স্কিমের কিস্তি পরিশোধে অসমর্থতার কারণে তা বন্ধ বা বাতিল করা যাবে না। তবে শর্ত থাকে যে, আমানতকারীকে আগামী ২০ জুনের মধ্যে এপ্রিল ও মে মাসের নির্ধারিত কিস্তি জমা করতে হবে।
এপ্রিল ও মে মাসের কিস্তি বিলম্বে জমা দেওয়ার কারণে কোনো আমানতকারীর কাছ থেকে ইতিমধ্যে কোনো ধরনের বিলম্ব ফি বা চার্জ বাবদ অর্থ আদায় করা হলে তা সংশ্লিষ্ট আমানতকারীর হিসাবে ফেরত দিতে হবে বা সমন্বয় করতে হবে বলেও উল্লেখ রয়েছে সার্কুলারে। ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এ সার্কুলারে বলা হয়, এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।