সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম করোনায় আক্রান্ত

আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সাবেক এই স্বাস্থ্যমন্ত্রীর ছেলে তানভীর শাকিল জয় গণমাধ্যমকে এ কথা জানিয়ে তার বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। জয় দেশ রূপান্তরকে জানান, তার বাবার করোনা পজিটিভ; অবস্থা স্থিতিশীল নয়।

সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী করোনার উপসর্গ নিয়ে গতকাল সোমবার রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে নমুনা পরীক্ষার পর তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। রাতেই এ খবর গণমাধ্যমকে জানানো হয়।

নাসিম আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়ক। ২০১৪ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ ক্ষমতায় এলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি।