ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ বন্ধ করা হয়েছে। গতকাল সোমবার থেকে এ পরীক্ষা কার্যক্রম বন্ধ বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় করোনাভাইরাস রেসপন্স টেকনিক্যাল কমিটির আহ্বায়ক শরীফ আখতারুজ্জামান।
তিনি বলেন, ‘আমাদের কিছু ডিফিকাল্টিস রয়েছে, যেগুলোর কারণে আমাদের পরীক্ষা করানো সম্ভব নয়। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজ শুরু হওয়ায় গবেষণাগারের যন্ত্রপাতি অ্যাকাডেমিক কাজে ব্যবহার করতে হবে। সব মিলিয়ে আমাদের যে সীমাবদ্ধতা সেটি জানিয়ে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘আমাদের এটা তো বিশ্ববিদ্যালয়, হাসপাতাল নয়। আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় সময় দিতে হবে। ল্যাবের আনুষঙ্গিক যন্ত্রপাতি আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে নিয়ে আসা হয়েছে। এগুলো এখন সেখানে গবেষণার কাজে প্রয়োজন হচ্ছে। সেগুলো এখন জীবাণুমুক্ত করে আবার সেখানে স্থাপন করতে হবে। মূলত এজন্যই করোনাভাইরাসের নমুনা পরীক্ষার কাজটা আর করা হচ্ছে না।’
উল্লেখ্য, গত ৫ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (কারাস) ভবনে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য তৈরি ল্যাবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তখন থেকে এ ল্যাবে প্রতিদিন প্রায় ৪০০ নমুনা পরীক্ষা করা হতো।