কুষ্টিয়ার মিরপুরে মাঠে ঘুড়ি উড়ানোর সময় ঢিল ছোড়ার অপরাধে দিপু (৮) নামের এক শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে মিরপুর থানা পুলিশ।
সোমবার সন্ধ্যায় মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের নওদা গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু দিপু স্থানীয় রাজন মোল্লার ছেলে।
আটকরা হলেন- একই এলাকার নিজাম উদ্দিনের ছেলে তাজিম উদ্দিন (৩৫) এবং নাজির প্রামানিকের ছেলে তরিৎ প্রামানিক (২৪)।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, বিকেলে এলাকার কিছু ছেলেরা রাস্তার পাশে মাঠে ঘুড়ি উড়াচ্ছিলো। এ সময় শিশু দিপু ঘুড়িতে ঢিল ছোড়ার চেষ্টা করে।
এতে ক্ষীপ্ত হয়ে ঘুড়ি উড়ানোরত তাজিম উদ্দিন ও তরিৎ দুজন মিলে শিশু দিপুকে পাশের কচুরিপানার খাদে ফেলে দেয়। প্রথমবারে শিশু দিপু উঠে আসে। পুনরায় ওই যুবকরা শিশুটিকে ধরে চ্যাংদোলা করে পানিতে ফেলে দেয়। এভাবে তৃতীয়বারের মতো ঐ খাদের মাঝখানে শিশুটিকে ফেলে দিলে শিশু দিপু কচুরিপানার নিচে তলিয়ে যায়। কিছুক্ষণ পর ওই যুবকরাসহ স্থানীয় বেশ কয়েকজন পানিতে নেমে দিপুকে খুঁজতে থাকে। পরে তারা দিপুর মরদেহ খুঁজে পায় কচুরিপানার নিচে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী তাজিম ও তরিৎকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তাজিম ও তরিৎ নামের দুইজনকে আটক করা হয়েছে।