করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে অ্যাডভোকেট মো. কবির চৌধুরী মারা গেছেন। তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন।
বর্তমানে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। মৃত্যুকালে তিনি চার ছেলে, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বেলা ১২টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব।
তিনি আরও বলেন, গত ৩০ মে ৮৬ বছর বয়সী কবির চৌধুরী করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এছাড়া উনি হৃদরোগেও ভুগছিলেন।
প্রয়াতের ছেলে শফি উদ্দিন কবির আবিদ বলেন, গতকাল সোমবার রাতে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। মঙ্গলবার সকালে মারা যান। মঙ্গলবার বাদ আছর আনোয়ারা উপজেলার বটতলী এলাকার পারিবারিক কবরস্থানে স্বাস্থ্য বিধি মেনে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, বিএনপি প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য কবির চৌধুরী চট্টগ্রাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি ছিলেন।
১৯৯১ সালে আনোয়ারা সংসদীয় আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে নির্বাচনে অংশ গ্রহণ করেছিলেন। বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক এই সদস্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টাও ছিলেন।
অ্যাডভোকেট কবির চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও দলটির চট্টগ্রাম মহানগরের সভাপতি ডা. শাহাদাত হোসেন।