ফ্লয়েডের শেষকৃত্যের ভার নিলেন বক্সিং কিংবদন্তি মেওয়েদার

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে পুলিশ হেফাজতে মৃত্যু হওয়া জর্জ ফ্লয়েডের শেষকৃত্যের ভার নিলেন বক্সিং কিংবদন্তি ফ্লয়েড মেওয়েদার। অবিচার আর বর্ণবাদের বিরুদ্ধে এটাই তার প্রতিবাদের ভাষা।

মেওয়েদারের প্রোমোশনাল সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, বিশ্বচ্যাম্পিয়ন বক্সারের এই উদ্যোগের কথা। মেওয়েদারের প্রস্তাবে জর্জ ফ্লয়েডের পরিবার সম্মত হয়েছে বলেও খবর যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ মাধ্যমে।

গত সোমবার মিনিয়াপোলিসে এক শ্বেতাঙ্গ পুলিশকর্মী টানা ৮ মিনিট হাঁটু দিয়ে গলা টিপে রাখেন আফ্রিকান-আমেরিকান কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডকে। যার ফলে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় ফ্লয়েডের।

এই ঘটনার প্রতিবাদে উত্তাল এখন যুক্তরাষ্ট্র। যার রেশ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। রাজনীতি, বিনোদন, খেলাধুলো, সব ক্ষেত্রের মানুষরাই নিজেদের মতো করে ঘটনার নিন্দা জানাচ্ছেন। প্রতিবাদ গড়ে তুলছেন বর্ণবাদের বিরুদ্ধে।

বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডন থেকে শুরু করে ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টন, তরুণ ফুটবলার জেডন সানচো- সকলেই প্রতিবাদে মুখর হয়েছেন। লিভারপুল ফুটবলাররা অনুশীলনের মাঝেই প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন মাঝ বৃত্তে হাঁটু গেড়ে বসে। ক্রিস গেইল, ড্যারেন স্যামিও সোচ্চার হয়েছেন।

এমন তীব্র প্রতিবাদের মাঝেই বক্সিং কিংবদন্তি ফ্লয়েড মেওয়েদার ৪৬ বছর বয়সী জর্জ ফ্লয়েডের শেষকৃত্যের খরচ নিজের কাঁধে তুলে নেন। যাদের দুজনের নামই ফ্লয়েড।