ঘরে থেকেই কাজ করবেন প্রাইম ব্যাংক কর্মীরা

সরকারের ঘোষিত সাধারণ ছুটি শেষ হলেও কর্মকর্তাদের বাসা থেকে কাজ করার অনুমতি দিয়েছে প্রাইম ব্যাংক।

গত ৩১ মে দেশব্যাপী ব্যাংকটির ১৪৬ শাখা চালু হলেও করোনা পরিস্থিতিতে কর্মকর্তাদের স্বাস্থ্য নিরাপত্তার স্বার্থে প্রতিটি শাখায় ন্যূনতম কর্মীর উপস্থিতিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। শাখাগুলোয় স্বাস্থ্য নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সাধারণ ছুটি শেষ হওয়ার পর শাখায় সরাসরি যারা গ্রাহকদের সেবা দেন, তাদের ন্যূনতম সংখ্যককে শাখায় উপস্থিত হয়ে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। বাকিরা বাসা থেকে কাজ করছেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ বলেন, গ্রাহক ও কর্মকর্তাদের সুস্বাস্থ্য ও নিরাপত্তায় প্রাইম ব্যাংক সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। এজন্যই মহামারীর শুরু থেকেই স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য ব্যাপক কার্যক্রম গ্রহণ করি। সাধারণ ছুটি শেষ হওয়ার পর সব শাখায় কার্যক্রম শুরু হলে আমরা এই স্বাস্থ্য ও নিরাপত্তা কার্যক্রমের পরিধি ও ব্যাপকতা আরও বাড়িয়েছি। বিজ্ঞপ্তি