ভারতে ‘গরুচোর সন্দেহে’ পিটিয়ে বাংলাদেশিকে হত্যা

ভারতে গরুচোর সন্দেহে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম রণজিত রিকমন (৩৬)। তার বাড়ি মৌলভীবাজারের ধামাই বাজার টিল্লা এলাকায়। বিজিবি জানিয়েছে, গত ৩১ মে ভারতের করিমগঞ্জের পাথারকান্দি থানাধীন পুতনি চা-বাগানে এ ঘটনা ঘটার পর ভারতীয় সীমান্তবর্তী বিএসএফ জুড়ী লাঠিটিল্লা বিজিবি ক্যাম্পে এ তথ্য জানায়। বিএসএফ নিহত ব্যক্তির নাম রুবেল বলে পরিচয় দেয়। এতে বিজিবি পরিচয় নিশ্চিত করতে পারেনি। তবে গতকাল বুধবার তার ছবি নিয়ে পুলিশ স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে পরিচয় শনাক্ত করে।

বিজিবি জানিয়েছে, গত ৩১ মে ভারতের করিমগঞ্জের পাথারকান্দি থানাধীন পুতনি চা-বাগানে গরুচোর সন্দেহে চারজনকে আটক করে স্থানীয়রা। ঘটনাস্থলেই একজনকে পিটিয়ে মেরে ফেলে তারা। অন্য তিনজন আহত হয়। নিহত ব্যক্তির লাশ দেশে আনার চেষ্টা চলছে।

বিজিবি ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, রণজিত রিকমন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের ধামাই বাজার টিল্লা এলাকার রশিক লাল রিকমুনের ছেলে। আহতদের একজন একই জেলার জুড়ী উপজেলার কুচাই চা-বাগানের মৃত গাজু মুন্ডার ছেলে মলোন মুন্ডা (৪০)। অন্য দুজন ভারতীয় বলে জানা গেছে।

খবর পেয়ে ভারতের পাথারকান্দি পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। আহতদের  পাথারকান্দি সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ও নিহতের লাশ হাসপাতালে রয়েছে।

বিজিবির বরাত দিয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিচয় শনাক্ত করতে সমস্যা হচ্ছিল কারণ একেকবার একেক ঠিকানা বিএসএফ বিজিবিকে দিয়েছিল। পরে আমরা ছবি নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে আজ (গতকাল) তাদের পরিচয় শনাক্ত করেছি। নিহতের লাশ ও আহত ব্যক্তিকে ফেরত আনতে বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ করছে। যেকোনো সময় লাশ আনা হতে পারে।