চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) ১০ লাখ ২ হাজার ডলারের নতুন বিনিয়োগ করছে চীন। চীনা কোম্পানি মেসার্স ইউনিকর্ন লেদার গুডস ফ্যাক্টরি লিমিটেড চট্টগ্রাম ইপিজেডে একটি লেদার ও কৃত্রিম লেদার প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং শিল্প স্থাপন করতে যাচ্ছে। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) থেকে পাঠানা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন এই শিল্পকারখানায় ৭৬৪ কর্মসংস্থান সৃষ্টি হবে। ইউনিকর্ন লেদার গুডস ফ্যাক্টরি বার্ষিক ১০ লাখ পিস ব্যাগ, বেল্ট ও ওয়ালেট উৎপাদন করবে। এ উপলক্ষে গতকাল বুধবার রাজধানীর বেপজা কমপ্লেক্সে বেপজা এবং মেসার্স ইউনিকর্ন লেদার গুডস ফ্যাক্টরি লিমিটেডের মধ্যে চুক্তি হয়েছে। বেপজার সদস্য (প্রকৌশলী) মোহাম্মদ ফারুক আলম এবং মেসার্স ইউনিকর্ন লেদার গুডস ফ্যাক্টরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ক্যাং ইয়ানহুং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
বেপজার সচিব মো. নবীরুল ইসলাম, মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর, মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এ সময় উপস্থিত ছিলেন।