পঞ্চগড়ে এক স্বাস্থ্যকর্মীসহ ঢাকা ফেরত আরও ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ জনে।
আক্রান্তদের মধ্যে তেঁতুলিয়া উপজেলায় একজন,সদর উপজেলায় দুইজন ও দেবীগঞ্জ উপজেলায় একজন।
বুধবার রাতে এক স্বাস্থ্যকর্মীসহ ৪ জনের আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান।
জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে তেঁতুলিয়া আক্রান্ত ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেলিমেডিসিন অপারেটর। তার গ্রামের বাড়ি নীলফামারী জেলায় এবং তার বয়স ২৭ বছর। নমুনা সংগ্রহের পর থেকে তিনি নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে আছেন।
সদর উপজেলার আক্রান্ত ২ জনের মধ্যে একজনের বাড়ি পঞ্চগড় পৌর এলাকার রওশনাবাগ ও মাগুড়া ইউনিয়নের আয়মা ঝলই এলাকায়। তাদের বয়স ৩৬-২৩ বছর। তারা ঢাকা ফেরত গার্মেন্টসকর্মী।
পৌর এলাকার রওশনাবাগের ব্যাক্তি গত ২৮মে ও আয়মা ঝলই এলাকার ব্যক্তি ২৭ মে ঢাকা থেকে নিজ বাড়িতে ফেরেন। দেবীগঞ্জ উপজেলার আক্রান্ত ১ জনের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের মুন্সিপাড়ায়। তিনি নারী ও তার বয়স ১৫ বছর। তিনি একজন ঢাকায় একটি গার্মেন্টস কারখানায় কাজ করতেন। গত ২৭ মে ঢাকা হতে নিজ গ্রামের বাড়িতে ফেরে। তখন থেকে তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানিয়েছে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ।
আক্রান্তরা ঢাকা থেকে আসার পর থেকে তারা নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। গত ৩০ মে তাদের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানোর পর ৩ জুন তাদের করোনা পজিটিভ এসেছে।
সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান জানান, এ পর্যন্ত জেলায় ১৩৯৬ জনের নমুনা সংগ্রহ করার পর ১২২৩ জনের রিপোর্ট এসেছে তার মধ্যে ৮৪ জনের করোনা পজিটিভ এসেছে।
জেলার ৮৪ জন আক্রান্তের মধ্যে তেঁতুলিয়ায় ১১ জন,সদরে ২৩ জন, আটোয়ারীতে ৭ জন, বোদায় ৭ জন এবং দেবীগঞ্জে ৩৬ জন।
ইতিমধ্যে তেঁতুলিয়ায় ৪ জন,সদরে ৩ জন,বোদায় ২ জন এবং দেবীগঞ্জে ৫ জনসহ মোট ১৪ জন করোনা থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং দুইজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বোদা উপজেলার একজন ও দেবীগঞ্জ উপজেলার একজন।