চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে এক অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের দুইজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাতে উপজেলার চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের কোষাঘাটা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের জিনারুল আলীর স্ত্রী তানিয়া খাতুন (২৫) ও তার অন্তঃসত্ত্বা ননদ রোমানা খাতুন (২২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা থেকে হাতিভাঙ্গা এলাকায় যাচ্ছিলেন একই পরিবারের মনির হোসেন, তানিয়া খাতুন ও রোমানা খাতুন।
কোষাঘাটা এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি আলমসাধূর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ও দুই আরোহী গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল আরসালান তানিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন ও আহত দুজনকে হাসপাতলের ওয়ার্ডে ভর্তি করেন।
ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় কয়েক ঘণ্টা পর মারা যান মোটরসাইকেলের আরেক আরোহী অন্তঃসত্ত্বা রোমানা খাতুন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) মামুনুর রশিদ জানান, দামুড়হুদার কোষাঘাটা বটতলা এলকায় একটি ট্রাক বিকল অবস্থায় দাঁড়িয়ে ছিল। ধারণা করা হচ্ছে দাঁড়িয়ে থাকা ট্রাকটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।