করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ ২ মাস ১০ দিন বন্ধ থাকার পর ফের চালু হলো ঢাকা-বেনাপোল আন্তনগর ট্রেন চলাচল।
বৃহস্পতিবার দুপুরে অর্ধেক যাত্রী নিয়ে বেনাপোল এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। রেলওয়ের বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান এ খবর নিশ্চিত করেছেন।
এদিন ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে ভারত থেকে কোন যাত্রী না আসায় ও স্বাস্থ্যবিধি অনুযায়ী দুই সিটে একজন যাত্রী থাকায় আসনের প্রায় অর্ধেকই ফাঁকা ছিল।
স্বাস্থ্যবিধির বিষয়টি বিবেচনা করে অধিকাংশ টিকিটই অনলাইনের মাধ্যমে বিক্রি করা হয়। সামান্য কিছু টিকিট স্টেশন থেকে বিক্রি করা হয় স্বাস্থ্যবিধি মেনে।
অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেলেও যাত্রী ভাড়া আগের মতোই রাখা হয়েছে বলে স্টেশন মাস্টার জানান।