চট্টগ্রামে করোনায় ২ চিকিৎসকের মৃত্যু

চট্টগ্রামে ২৪ ঘণ্টার ব্যবধানে করোনাভাইরাসে দুই চিকিৎসকের মৃত্যু হয়েছে। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল কর্মকর্তা মুহিদুল হাসান (৪২) হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চমেক হাসপাতালের উপপরিচালক ডা. আফতাবুল ইসলাম জানান, মুহিদুল হাসান ঈদের পর করোনা শনাক্ত হয়ে হাসপাতালের কেবিনে ভর্তি ছিলেন। গত বুধবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। সেখানে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

মুহিদুল হাসানের মায়েরও কভিড-১৯ পজিটিভ এসেছে। মা, স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে মুহিদুল হাসান চট্টগ্রামের বন্দরটিলায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা। চট্টগ্রাম মেডিকেল কলেজের ৪১তম ব্যাচের ছাত্র মুহিদুল হাসান ২৭তম বিসিএসের মাধ্যমে সরকারি হাসপাতালে যোগদান করেন।

এর আগের দিন বুধবার দুপুরে চট্টগ্রাম মেরিন সিটি মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও মেডিসিন বিশেষজ্ঞ এহসানুল করিমের মৃত্যু হয়। তিনি করোনার পাশাপাশি লিউকোমিয়ায়ও ভুগছিলেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে দুজন চিকিৎসক মারা গেলেন।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে নমুনা পরীক্ষা বৃদ্ধি পাওয়ায় শনাক্তের সংখ্যাও বেড়েছে। বৃহস্পতিবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৮ জন। আর বুধবার রাত পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৩৯ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩২১ জন।