পরিবহনে চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার নির্দেশ আইজিপির

পরিবহন খাতে মালিক-শ্রমিক সংগঠনের নামে চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেছেন, ‘পরিবহন সেক্টরে কোনো ধরনের চাঁদাবাজি চলবে না। মহাসড়কে কোনো অবৈধ যানবাহন চলতে পারবে না।’ গতকাল বৃহস্পতিবার বিকেলে পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন নেতাদের সঙ্গে এক সভায় এসব কথা বলেন আইজিপি।

সভায় অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ি না চালানো, মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ রাখা এবং যেকোনো মূল্যে সড়কে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। এ সময় পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে পরিবহন মালিক-শ্রমিক সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান পুলিশপ্রধান। তিনি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন। সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং রেঞ্জ ডিআইজিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় অংশ নেন। তাদের সভায় আলোচিত বিষয়গুলো প্রতিপালনের জন্য নির্দেশনা দেন আইজিপি।

বৈঠকে সাংসদ ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাজাহান খান, সংগঠনের সহসভাপতি সাদেকুর রহমান হিরু, সাধারণ সম্পাদক মো. ওসমান আলী, অতিরিক্ত আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম এবং পুলিশের হাইওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজি মল্লিক ফখরুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।