প্রাথমিক শিক্ষার্থীদের জন্য টেলিভিশন ও রেডিওতে পাঠদানের পর এবার চালু করা হচ্ছে বিশেষ হেল্পলাইন নম্বর-৩৩৩৬। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের সম্মিলিত উদ্যোগে এ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ জানান, ‘এ করোনা সংকটের মাঝেও অনেক শিক্ষার্থী অনলাইন পাঠ নিতে পারছে না। তাদের জন্য এটি সহায়ক ভূমিকা রাখবে। এটুআইয়ের শিক্ষক বাতায়নে থাকা শিক্ষকরা এতে যুক্ত থাকবেন।’ তিনি বলেন, ‘এটির মাধ্যমে একজন শিক্ষার্থী তার অজানা বিষয়টি প্রশ্ন করে জেনে নিতে পারবে। এটি অনকেটা কোচিংয়ের বিকল্প হিসেবে কাজ করবে। আমরা চলতি মাসেই এটি চালু করতে পারব আশা করছি। চালু হলে করোনাপরবর্তীতেও এ সেবা চলমান থাকবে।’
জানা যায়, যেকোনো মুঠোফোন অপারেটর থেকে এ নম্বরে ডায়াল করলে শিক্ষার্থীরা শিক্ষকদের কাছ থেকে তার নিজ শ্রেণির পাঠদান পরামর্শ পাবে। পাঁচ মিনিট পর্যন্ত কলটি হবে টোল ফ্রি। সারা দেশের প্রাথমিক শিক্ষক ও শিক্ষার্থীরা এই হেল্পলাইন নম্বরে যুক্ত থাকবেন।