ই-ওয়ালেট সেবা দেওয়ার অনুমতি পেল রিকারশন ফিনটেক

ক্যাশবিহীন ডিজিটাল ওয়ালেট বা ই-ওয়ালেট প্রযুক্তিসেবা দিতে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে রিকারশন ফিনটেক লিমিটেডকে লাইসেন্স দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে। এর আগে চলতি বছরের ২৪ মার্চ বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছিল।

বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের কাছে প্রাঠানো সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২-এর ৭ (এ) (ই) ধারার আওতায় জারিকৃত বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম রেগুলেশন ২০১৪ অনুসারে দেশে ইলেকট্রনিক লেনদেন প্রসারের লক্ষ্যে রিকারশন ফিনটেক লিমিটেডকে শর্তসাপেক্ষে দেশের অভ্যন্তরে ই-ওয়ালেট সেবা প্রদানের জন্য পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে লাইসেন্স  দেওয়া হয়েছে।