দুর্গম পদ্মার চরে বাদাম তুলতে যাওয়ার সময় নৌকাডুবিতে পাঁচ শ্রমিক নিখোঁজ হয়েছেন। শুক্রবার সকাল ৮টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার চরনাছিরপুর ইউনিয়নে পদ্মা নদীতে এই ঘটনা ঘটে।
নিখোঁজ শ্রমিকরা হলেন, সদরপুরের শহীদ মিয়া (১৬), রুবেল হোসেন (২৭) এবং চুয়াডাঙ্গা জেলার মো. শাহাবুল (৩৫), শিলন মিয়া (৩৮), আব্দুর রাজ্জাক (৪০)।
ঘটনার পরপরই ছুটে যান নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদারসহ সংশ্লিষ্টরা।
সদরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার জানান, সকালে উপজেলার নওয়াব মোল্লার ঘাট থেকে চরনাছিরপুর ইউনিয়নের বাদাম তুলতে যান পাঁচ শ্রমিক। এ সময় হঠাৎ প্রচণ্ড বাতাসে ছোট ইঞ্জিনচালিত নৌকাটি নদীতে ডুবে যায়।
তিনি বলেন, এ সময় নৌকার চালক সাঁতার কেটে নদীর পাড়ে আসতে পারলেও অন্যরা আসতে পারেনি।
নির্বাহী কর্মকর্তা আরো বলেন, স্থানীয় পর্যায়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।
তবে তিনি বলেন, ঢাকা থেকে ডুবুরিরা না আসলে কী হবে বলতে পারছি না।
ঘটনার প্রত্যক্ষদর্শী নৌকার চালক সাবিক মোল্লা জানান, হঠাৎ করে নদীতে প্রচুর বাতাস শুরু হয়। একদিকে স্রোত অন্যদিকে বাতায় প্রচণ্ড হওয়ায় নৌকা নিয়ন্ত্রণ করা যায়নি।