সরকার ফ্রন্টিয়ার প্রযুক্তিতে দক্ষ মানুষ তৈরি করছে: পলক

ভবিষ্যতের চাহিদা পূরণে সরকার ফ্রন্টিয়ার (অত্যাধুনিক) প্রযুক্তিতে দক্ষ মানুষ তৈরি করছে জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, যারা প্রত্যেকেই আগামীতে ডিজিটাল বিপ্লবে নেতৃত্ব দেবেন।

শুক্রবার অনলাইনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) লিভারেজিং আইসিটি ফর এমপ্লয়মেন্ট অ্যান্ড গ্রোথ অব দ্য আইটি-আইটিইএস ইন্ডাস্ট্রি (এলআইসিটি) প্রকল্পের উদ্যোগে ফ্রন্টিয়ার টেকনোলজির প্রশিক্ষণ কার্যক্রমের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ফ্রন্টিয়ার প্রযুক্তিতে দক্ষ মানুষেরাই হবেন ডিজিটাল বিপ্লবের নেতা। এজন্য চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বিগ ডাটা, মেশিন লার্নিং, অগমেন্টেড রিয়ালিটি, ভার্চুয়াল রিয়ালিটির মতো ফ্র্রন্টিয়ার টেকনোলজিতে দক্ষ মানুষ তৈরি করছে।

তিনি আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লবে একদিকে যেমন চ্যালেঞ্জ রয়েছে, অপরদিকে রয়েছে বিশাল সম্ভাবনা। আর এই বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতেই ফ্রন্টিয়ার টেকনোলজির ওপর প্রশিক্ষণ শুরু করেছে।

তিনি বলেন, আগামীতে অত্যাধুনিক প্রযুক্তিতে দক্ষ মানুষের চাহিদা পূরণে সরকার শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি (এসএইচআইএফটি) প্রতিষ্ঠা করছে। এ ইনস্টিটিউটটি চালু হলে প্রতিবছর ফ্রন্টিয়ার টেকনোলজিতে উল্লেখযোগ্য সংখ্যক দক্ষ জনশক্তি তৈরি হবে।

এলআইসিটি প্রকল্পের ফাস্ট ট্রাক ফিউচার লিডার (এফটিএফএল) কর্মসূচির আওতায় ১১১০ জনকে ফ্রন্টিয়ার টেকনোলজিতে প্রশিক্ষণ প্রধান করছে। প্রথম ধাপে ৬৯০ জনের প্রশিক্ষণ শুরু হয়েছে। দেশের ২২টি আইটি প্রতিষ্ঠান ২২ টি বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে। এ প্রশিক্ষণের বৈশিষ্ট্য হচ্ছে, সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী সকলের কর্মসংস্থান হচ্ছে।

অত্যাধুনিক প্রযুক্তির যেসব বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে তার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, ব্লকচেইন, ডাটা সায়েন্স, অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েরিটি, ইন্টারনেট অব থিংস অন্যতম।

এসময় আইসিটি বিভাগের সিনিয়র সচিব সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বিসিসির নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, এলআইসিটি প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার ইনফরমেশন অ্যান্ড সার্ভিসের (বেসিস) সভাপতি আলমাস কবির বক্তব্য রাখেন।