প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের করোনাভাইরাস পরিস্থিতির প্রেক্ষিতে নতুন তিন হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশিয়ান নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ গতকাল শুক্রবার বলেন, ‘কভিড-১৯ প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য পরিসেবা বিভাগ গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে তিন হাজার নতুন মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশিয়ান নিয়োগের একটি প্রস্তাব পাঠিয়েছিল। তিনি তাৎক্ষণিকভাবে এটির অনুমোদন দিয়েছেন।’ আজাদ বলেন, এর মধ্যে মেডিকেল টেকনোলজিস্টের সংখ্যা ১ হাজার ২শ’ এবং টেকনিশিয়ানের সংখ্যা ১ হাজার ৮শ’। তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা অধিদপ্তর এখন যৌথভাবে কভিড-১৯ রোগীদের সেবা আরও উন্নত করতে এই তিন হাজার নতুন মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশিয়ান নিয়োগের প্রক্রিয়া শুরু করবে।
করোনাভাইরাস মহামারী মোকাবিলায় গত মাসে সরকার প্রায় দুই হাজার চিকিৎসক ও ৫ হাজার ৫৪ জন নার্স নিয়োগ দিয়েছে। বাসস।