বগুড়ার শাজাহানপুরে আবু হানিফ মিস্টার (৩৮) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে, গতকাল শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার শাকপালা এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, হানিফ বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এবং ওই গ্রামের আরমান প্রামাণিকের ছেলে। শাজাহানপুর থানার ওসি আমবার হোসেন জানান, শুক্রবার দুপুরে জুমার নামাজ পড়ার জন্য শাকপালা মসজিদে প্রবেশ করছিলেন আবু হানিফ মিস্টার। এ সময় কয়েকজন যুবক অতর্কিতে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, হানিফের বিরুদ্ধে ৪টি হত্যাসহ ৯টি মামলা বিচারাধীন। ময়নাতদন্তের লাশ মর্গে পাঠানো হয়েছে। হত্যাকা-ে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এছাড়া একই দিন সকালে উপজেলার গন্ডগ্রাম এলাকায় সড়কের পাশ থেকে মীম আকতার (১৯) নামে এক পোশাককর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন মীম। পরিবার নিয়ে বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় বসবাস তার। অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। রাতে বনানীতে বাস থেকে নামার পর ঠনঠনিয়ার দিকে না গিয়ে তিনি রিকশাযোগে শাজাহানপুর উপজেলার গ-গ্রামের দিকে চলে যান বলে জানান প্রত্যক্ষদর্শীরা। সকালে ওই এলাকায় রাস্তার পাশে তার লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।