রংপুরে ছুরি মেরে আইনজীবীকে হত্যা

রংপুরে চুরির ঘটনা দেখে ফেলায় নিজ বাড়িতে জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী আসাদুল হককে (৬০) ছুরি মেরে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের ধর্মদাস বারো আউলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা রতন (২৬) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আসাদুল হক ছোট মেয়েকে নিয়ে ধর্মদাসের ওই বাড়িতে থাকতেন। জুমার নামাজের সময় ফাঁকা ভেবে এলাকার চিহ্নিত মাদকাসক্ত রতন চুরি করার জন্য বাড়িতে ঢোকে। কিন্তু দেখে ফেলে আসাদুল হক তাকে ধরার চেষ্টা করেন। এ সময় রতন প্রথমে আসাদুলের পেটে ও পরে গলায় ছুরি দিয়ে আঘাত করে। আসাদুলের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দেয়াল টপকে পালানোর চেষ্টাকালে ধরা পড়ে রতন। পরে তাকে তাজহাট থানা পুলিশে সোপর্দ করা হয়। আর আহত আসাদুল হককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

তাজহাট থানার ওসি শেখ রোকনুজ্জামান জানান, আইনজীবী আসাদুল হক হত্যায় মামলা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার রতনের সঙ্গে হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত কি না তা তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এদিকে আসাদুল হক হত্যায় রংপুর আইনজীবী সমিতি এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।