করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যেও জনপ্রশাসনের ১২৩ কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়ে গতকাল শুক্রবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রশাসনে পদ না থাকার পরও পদোন্নতি দেওয়া হচ্ছে দীর্ঘদিন ধরে। চলমান মহামারীর মধ্যেও সেই ধারাবাহিকতা অক্ষুণœ রাখল সরকার। শিগগিরই উপসচিব পদে ২৭ বিসিএসের কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হবে। এ সংক্রান্ত প্রস্তুতি এগিয়ে রেখেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ১১৭ জন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অন্যান্য সরকারি দপ্তরে কর্মরত আছেন। আর ছয়জন বিদেশে কর্মরত। পদোন্নতির পর যুগ্ম সচিবের মোট সংখ্যা হল ৭৩৯ জন। অথচ যুগ্ম সচিবের স্থায়ী পদের সংখ্যা ৫০২টি। স্থায়ী পদ না থাকায় এমনিতেই অনেক যুগ্ম সচিবকে নিচের পদে কাজ করতে হচ্ছে, এর ওপর নতুন করে পদোন্নতি দেওয়া হলো। পদোন্নতিপ্রাপ্ত বেশিরভাগ যুগ্ম সচিবকে বর্তমান কর্মস্থলে ইনসিটু বা পদোন্নতির পূর্বের পদের দায়িত্ব পালন করা স্থানে থাকতে হবে। এর আগে গত বছরের ১৬ জুন ১৩৬ কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছিল সরকার।
যুগ্ম সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৭০ শতাংশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ও ৩০ শতাংশ অন্যান্য ক্যাডার থেকে উপসচিব পদে যোগ দেওয়া কর্মকর্তাদের বিবেচনায় নেওয়া হয়।