সিরাজগঞ্জে চলন্ত টেম্পুর উপর গাছ পড়ে নিহত ১

সিরাজগঞ্জের কামারখন্দে একটি গাছ উপড়ে চলন্ত সিএনজি টেম্পুর উপর পড়ে একজন নিহত ও চালকসহ ২ জন আহত হয়েছেন।

উপজেলার জামতৈল-বলরামপুর সড়কের জামতৈল কৃষি কারিগরি কলেজের সামনে সড়কে শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত মো. শরীফ খান গ্রামীণ ব্যাংক, রায়দৌলতপুর শাখার অফিস সহায়ক। আহতদের মধ্যে ২ জনের নাম জানা গেছে।

তারা হলেন- কামারখন্দ উপজেলারচৌবাড়ি গ্রামের মৃত এনতাজ মন্ডলের ছেলে টেম্পু চালক হবি মন্ডল ও বেলকুচি উপজেলারদেলুয়াকান্দি গ্রামেরসুলতান সরকারের ছেলে আশরাফুল ইসলাম সরকার।

এ বিষয়ে কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার হামিদুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যার দিকে জামতৈল বাজার থেকে চৌবাড়ীর দিকে ৪ জন যাত্রী নিয়ে একটি সিএনজি টেম্পু জামতৈল কৃষি কলেজের সামনে পৌঁছালে একটি গাছ উপড়ে ওই সিএনজির উপর আছড়ে পড়ে।

এ সময় ওই সিএনজির পিছনে বসা দুই নারী যাত্রী দ্রুত নামতে পারলেও চালক ও ২ যাত্রী গাছের নিচে চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শামীমুল ইসলাম জানান, ৩ ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে আনা হলে তাদের মধ্যে একজনকে নিহত ও ২ জনকে আহত অবস্থায় পাওয়া যায়। আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।