আইসিডিডিআর,বির ব্যাখ্যা

ইকোনমিস্ট খণ্ডিত বক্তব্য প্রচার করেছে

ইকোনমিস্টের এক প্রতিবেদনে আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ড. জন ক্লেমেন্সের বরাতে ঢাকা শহরে সাড়ে সাত লাখের মতো করোনা রোগী থাকার যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ নয়। আইসিডিডিআর,বির ক্লেমেন্সের বক্তব্য খণ্ডিতভাবে ব্যবহার করেছে সংবাদমাধ্যমটি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিডিডিআর,বি জানিয়েছে, ক্লেমেন্স আসলে তাদের প্রতিষ্ঠানের করোনা রোগী নিয়েই তথ্য দিয়েছেন। সংবাদমাধ্যমটি সেটা নিয়ে ঢাকার জনসংখ্যার সংখ্যা তুলনা করেছে। অথচ ঢাকায় আক্রান্তের সংখ্যা কত বেশি হতে পারে এমন প্রশ্নের জবাবে ক্লেমেন্স ইকোনমিস্টকে আইসিডিডিআর,বির আক্রান্তের তথ্য দেন উদাহরণ হিসেবে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহাখালী অফিসের দুই হাজার কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৪-৫ শতাংশ সংক্রমিত। ঢাকার জনসংখ্যার অনুপাতে ৪-৫ শতাংশ হিসাব করে ইকোনমিস্ট সাড়ে সাত লাখের কথা বলে। 

গত শুক্রবার দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার তিন দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির প্রসঙ্গটি তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়, এই অঞ্চলে প্রতি তিন সপ্তাহে রোগী দ্বিগুণ হচ্ছে। 

আইসিডিডিআর-বির জন ক্লেমেন্সের বরাতে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের রাজধানী ঢাকায় ইতিমধ্যে সাড়ে সাত লাখ মানুষ আক্রান্ত হয়েছে। অথচ সরকারি হিসাবে এই সংখ্যা প্রায় ৬০ হাজার।