নারীদের করমুক্ত আয়সীমা পাঁচ লাখ টাকা করার দাবি

আগামী অর্থবছরের বাজেটে নারীদের জন্য ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা তিন লাখ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকায় উন্নীত করার সুপারিশ করেছে নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন এন্ট্রাপ্রিনিওয়ার্স নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ওয়েন্ড)। আর এই সুবিধা আগামী পাঁচ অর্থবছরের জন্য চান তারা। ওয়েন্ডের প্রেসিডেন্ট ড. নাদিয়া বিনতে আমিন বলেন, আমরা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে নারী উদ্যোক্তাদের জন্য এ প্রস্তাবসহ বেশি কিছু প্রস্তাবনা তুলে ধরেছি। আশা করি আগামী অর্থবছরের বাজেটে এর প্রতিফলন দেখতে পাব।

অন্যান্য প্রস্তাবনার মধ্যে রয়েছে, নারী উদ্যোক্তাদের শুল্কমুক্ত সুবিধায় কাঁচামালসহ মেশিন ও মেশিনারিজ যন্ত্রাংশ আমদানির সুযোগ এবং এবং করপোরেট ট্যাক্স ৩৫ শতাংশ থেকে নামিয়ে ২৫ শতাংশ করা। নারী উদ্যোক্তাদের বার্ষিক টার্নওভার ৫০ লাখ থেকে তিন কোটি টাকা পর্যন্ত ভ্যাট মওকুফ করে চার শতাংশ হারে টার্নওভার ট্যাক্স ধার্য করা এবং নারী উদ্যোক্তাদের রপ্তানি আয়ের ওপর শূন্য শতাংশ হারে আয়কর ধার্য করার দাবি জানানো হয়।

এছাড়া নারী উদ্যোক্তাদের জন্য বিভিন্ন পরিসরে আয়কর মেলার আয়োজন, ট্যাক্স রিটার্ন ফর্ম আরও সহজ করতে ওয়েন্ডের পক্ষ থেকে এনবিআরের কাছে সুপারিশ করা হয়।