আবার জেনিফারের সঙ্গে ব্র্যাড পিট

জেনিফার অ্যানিস্টন আর ব্র্যাড পিটের ছিল পাঁচ বছরের সুখের সংসার। কিন্তু ২০০৫ সাল সব এলোমেলো করে দিল। মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ সিনেমার শ্যুটিংয়ে ব্র্যাড পিট প্রেমে পড়ে গেলেন লাস্যময়ী অ্যাঞ্জেলিনা জোলির। অনস্ক্রিন ও অফস্ক্রিন সেই প্রেমের ঝড় এলোমেলো করে দিল সব হিসাব-নিকাশ। পরবর্তী এক যুগের বেশি সময় ধরে ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলিকে বলা হতো ‘গোল্ডেন কাপল অন দ্য প্লানেট’। সোনায় মোড়ানো সেই সম্পর্ক ৯ বছর এক ছাদের নিচে থাকার পর, ছয় ছেলেমেয়ের জোর দাবিতে বিয়ের আনুষ্ঠানিকতা পর্যন্ত সম্পন্ন হলো। কিন্তু তারপরই ভেঙে গেল সেই ঘর। ২০১৯ সালে এসে কাগজে-কলমে শেষ হয় সম্পর্ক। এসবই জানা কথা। শোনা যাচ্ছে, ব্র্যাড আর জেনিফার নাকি এক জীবনে দ্বিতীয়বারের মতো প্রেমে পড়েছেন। এমনকি ব্র্যাড আর জোলির সন্তানেরা নাকি জেনিফারকে ‘মা’ ডাকা শুরু করেছে। আরও শোনা যাচ্ছে, ব্র্যাড আর জেনিফার নাকি আবার ঘর বাঁধবেন। সম্প্রতি ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনিফারকে নিয়ে ব্র্যাডের মন্তব্যও সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। ‘ফাইট ক্লাব’খ্যাত অস্কারজয়ী এই অভিনেতা তার সাবেক স্ত্রী সম্পর্কে বলেন, ‘জেনিফার একটা চুম্বকের নাম। যে প্রতিনিয়ত তার চারপাশের মানুষকে আকৃষ্ট করে। জেনিফার একটা ফায়ারপ্লেসের নাম। যে চারপাশের মানুষকে শীতে উষ্ণতা দেয়। জেনিফার বলতেই আর যে শব্দগুলো মাথায় চলে আসে, সেগুলো হলো ঘর, বন্ধু, আপন আর পরিবার। সে আসলেই অসাধারণ। আর সে আমাকে প্রতিটি দিন ভালো মানুষ হয়ে উঠতে অনুপ্রাণিত করে।’