বাংলাদেশি ব্যবসায়ীদের অনুরোধে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরুর কথা জানালেও ভারতে সমস্যার কারণে এখনো তা হয়নি। তবে বাংলাদেশের পক্ষে স্বাস্থ্যবিধির সব ধরনের ব্যবস্থা করা হয়েছে।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, গত শনিবার কার্যক্রম শুরুর কথা ছিল। কিন্তু ভারতে প্রস্তুতি সম্পূর্ণ না হওয়ায় এখনো শুরু করা যায়নি। ভারতীয়রা জানিয়েছেন, তারা ট্রাকের চালক ও সহকারীদের কোয়ারেন্টাইনে থাকার জন্য যে স্থান নির্ধারণ করেছিলেন, সেটিতে সে দেশের নাগরিকরা বাধা দিয়েছেন। এখন নতুন স্থান নির্ধারণের চেষ্টা চলছে। এটি হওয়ার পর সে দেশের কর্তৃপক্ষ অনুমোদন দিলে কার্যক্রম শুরু হবে। তবে কবে নাগাদ হবে তা বলা যাচ্ছে না। বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা জামিল হোসেন চলন্ত বলেন, দুদেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে আমদানি-রপ্তানি শুরু করতে গত শনিবারই আমাদের অংশে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পৌরসভার পক্ষ থেকে সীমান্তের শূন্যরেখায় জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে। এর মধ্য দিয়ে ভারতীয়রা জীবাণুমুক্ত হয়ে দেশে আসবে।