গাংনীর এমপির কাছ থেকে কেনা কাবিখার চাল জব্দ চুয়াডাঙ্গায়

ভ্রাম্যমাণ আদালতের অভিযান এবং সরকার ও ক্ষমতাসীন দলের পক্ষ থেকে নেওয়া নানা শাস্তিমূলক পদক্ষেপের পরও থেমে নেই সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি ও নায্যমূল্যে খোলাবাজারে বিক্রির জন্য বরাদ্দ খাদ্যশস্য চুরি। গতকাল সোমবারও দেশের বিভিন্ন স্থান থেকে এ ধরনের বিভিন্ন খবর পাওয়া গেছে। এর মধ্যে মেহেরপুরের গাংনীর কাবিখার ১ হাজার ২৬৬ বস্তা চাল উদ্ধার হয়েছে চুয়াডাঙ্গায়। এ ঘটনায় তাৎক্ষণিক চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নির্দেশে দুটি গোডাউন সিলগালা করা হয়েছে। গোডাউন মালিক নজরুল ইসলাম জানিয়েছেন, গাংনীর সাংসদ সাহেদুজ্জামানের কাছ থেকে কাবিখার এই ৩৮ টন চাল কেনেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ব্যবসায়ী গৌতম ও অশোক। পরে গাংনী খাদ্য গোডাউন থেকে চালগুলো নিয়ে সেখানে রাখা হয়। অন্যদিকে নেত্রকোনার কেন্দুয়ায় জব্দ হয়েছে মাছের খাবারের বস্তায় ভরা সরকারি সহায়তার ৩৬ বস্তা চাল। হবিগঞ্জে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির ১৮ বস্তা চালসহ আটক হয়েছে এক ব্যক্তি। অন্যদিকে চাঁদপুরে ওএমএসের চালসহ আটক হয়েছেন ডিলার। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :

মেহেরপুরের কাবিখার চাল জব্দ চুয়াডাঙ্গায় : মেহেরপুরের গাংনী উপজেলার জন্য বরাদ্দকৃত কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) ১ হাজার ২৬৬ বস্তা সরকারি চাল জব্দ করেছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা শহরের সাতগাড়ি এলাকার দুটি গোডাউন থেকে এ চাল জব্দ করা হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নির্দেশে গোডাউন দুটি সিলগালা করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীনকে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

স্থানীয়রা জানান, চুয়াডাঙ্গা শহরের পৌর এলাকার সাতগাড়ি এলাকায় চাল ও গম ব্যবসায়ী নজরুল ইসলামের দুটি গোডাউন রয়েছে। গত রবিবার গভীর রাতে তার গোডাউনে সরকারি চাল ট্রাকযোগে আনলোড করা হয়। এর মধ্যে একটি গোডাউনে ৬০০ বস্তা ও অপরটিতে ৬৬৬ বস্তা মজুদ করে রাখা হয়। খাদ্য অধিদপ্তরের  প্রতিটি ৩০ কেজি ওজনের চালের বস্তার বাইরে লেখা রয়েছে ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’। গতকাল সকালে বিষয়টি জানাজানি হলে জেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের একটি টিম গোডাউন দুটিতে অভিযান চালায়। এ সময় সরকারি ১ হাজার ২৬৬ বস্তা চাল জব্দ করা হয়। একই সঙ্গে দুটি গোডাউন সিলগালা করেন।

গোডাউন মালিক নজরুল ইসলাম জানান, মেহেরপুরের গাংনী উপজেলার সাংসদ সাহেদুজ্জামানের কাছ থেকে কাবিখার এই ৩৮ টন চাল কেনেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ব্যবসায়ী গৌতম ও অশোক। পরে গাংনী খাদ্য গোডাউন থেকে চালগুলো নিয়ে এখানে রাখা হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘জব্দ করা চাল সরকারি কাবিখার, এটা নিশ্চিত। চালগুলো মেহেরপুরের গাংনী উপজেলার খাদ্য অফিস থেকে উত্তোলন করা হয়েছে। এটি কীভাবে এখানে এলো আর কারা নিয়ে এলো তার জন্য অধিকতর তদন্ত করা হবে। ইতিমধ্যে গোডাউন দুটি সিলগালা করে দেওয়া হয়েছে।’

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার দেশ রূপান্তরকে বলেন, ‘সরকারি চাল জব্দের ঘটনা অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। রিপোর্ট হাতে পেলেই অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ ব্যাপারে জানতে চাইলে গাংনীর সাংসদ সাহেদুজ্জামান খোকন টেলিফোনে দেশ রূপান্তরকে বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ আসাটি হাস্যকর। কোনো সাংসদই চাল সরাসরি উত্তোলন করেন না। বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের কাছ থেকে প্রকল্প গ্রহণ করে সেই প্রকল্পের অনুকূলে চাল বরাদ্দ দেওয়া হয়। এ জন্য প্রকল্প কর্মকর্তাও নিয়োগ দেওয়া হয়। তবে চাল পাচারের বিষয়টি আমি নিজেও অনুসন্ধান করব।’

অন্যদিকে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, বিষয়টি জানামাত্রই তিনি ঘটনা তদন্তে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন। তদন্তে কোনো অনিয়ম ধরা পড়লে সে যে-ই হোক তাকে আইনের আওতায় আনা হবে।

কেন্দুয়ায় মাছের খাবারের প্যাকেটে সরকারি সহায়তার চাল : নেত্রকোনায় ত্রাণের ৩৬ বস্তা চাল বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় জব্দ করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের নতুন বাজার এলাকায় নেওয়ার পথে ট্রলির চালকসহ ট্রলিটি আটক করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কেন্দুয়া উপজেলায় নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের পাশে লিয়াকত মিয়ার ঘর থেকে প্লাস্টিকের বস্তায় চালগুলো পার্শ¦বর্তী বলাইশিমুল বাজারে নিয়ে যাচ্ছিল ট্রলিতে করে। এ সময় এক পুলিশ সদস্য স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ট্রলিটি আটকান।

হবিগঞ্জে ১৮ বস্তা  চালসহ আটক ১ : চুনারুঘাট উপজেলার নালমুখ বাজারের একটি বাসা থেকে ১৮ বস্তা সরকারি চালসহ কাজল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। আটক কাজল মিরাশী ইউনিয়নের রতনপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। জানা যায়, গত শনিবার রাত ১টায় নালমুখ বাজারে কাজল মিয়ার বাসায় অভিযান চালিয়ে চালসহ তাকে আটক করেন থানার ওসি (তদন্ত) চম্পক দাস।

চাঁদপুরে ওএমএসের চালসহ ডিলার আটক : মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজার এলাকায় ওএমএসের চাল অবৈধভাবে বিক্রি করার দায়ে ডিলার জাহাঙ্গীর সরকার ও তার সহযোগী মাসুদ পাটোয়ারীকে আটক করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার দুপুরে মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক অভিযান চালিয়ে তাদের আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওএমএস ডিলার জাহাঙ্গীর সরকার ও মাসুদ পাটোয়ারীকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে মাসুদের ডিলারশিপ বাতিল করা হয়েছে।