মির্জাপুরে করোনায় আক্রান্ত সংখ্যা বেড়ে ৫০

টাঙ্গাইলের মির্জাপুরে নতুন করে এক নারীসহ তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এই উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্য দাঁড়ালো ৫০ জন।

মঙ্গলবার ১২টায় এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

জানা গেছে, গত ৩ জুন ওই তিনজন করোনা উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেয় এবং স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন এলাকায় আরও ১৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠান।

মঙ্গলবার ওই তিনজনের করোনা পজিটিভের খবর পায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

আক্রান্তরা হলেন- জামুর্কী ইউনিয়নের পাকুল্যা পূর্বপাড়া গ্রামের এক নারী এবং উয়ার্শী ইউনিয়নের উয়ার্শী ও নয়াপাড়া গ্রামের দুইজন পুরুষ।

আজকের তিনজনসহ মির্জাপুরে করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ পূর্ণ হল। এর মধ্যে একজন মারা গেছে, ১৩ জন সুস্থ হয়েছেন এবং বাকি ৩৬ জন নিজ বাড়িতে এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে আক্রান্তের সংখ্য বৃদ্ধি এবং মির্জাপুর রেড জোনে পড়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উৎকন্ঠা দেখা দিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আক্রান্তরা সবাই নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেবেন। আক্রান্তদের ব্যক্তি এবং তাদের আশপাশের ৯টি বাড়ি লকডাউন করা  হয়েছে বলে তিনি জানান।