করোনাভাইরাস মহামারির কথা মাথায় রেখে ক্রিকেটের অন্তর্বর্তীকালীন কিছু নিয়ম পরিবর্তনে অনুমোদন দিল আইসিসি।
মেডিক্যাল অ্যাডভাইজরি কমিটির পরামর্শ মতে অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটি যে সব পরামর্শ দিয়েছিল, সেগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা মঙ্গলবার এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানায়।
টেস্ট ম্যাচের মাঝে কোনো ক্রিকেটার করোনা সংক্রামিত হতে পারে। এই আশঙ্কা থেকে কোভিড-১৯ বদলির অনুমতি দেওয়া হয়েছে। এই পরিবর্তন কেবল টেস্ট ম্যাচেই। ওয়ানডে ও টি টোয়েন্টিতে এমন পরিবর্তন করা যাবে না।
করোনা সংক্রমণের আশঙ্কায় বল পালিশের ক্ষেত্রে নিষিদ্ধ করা হয়েছে লালার ব্যবহার। এ ছাড়া নিরপেক্ষ আম্পায়ারের বদলে অন্তর্বর্তীকালীন ভিত্তিতে স্থানীয় আম্পায়ারদের টেস্ট ম্যাচ পরিচালনায় বৈধতা দেওয়া হয়েছে।
এ ছাড়া টেস্টের প্রতি ইনিংসে একটি করে বাড়তি রিভিউ নেওয়ারও ছাড়পত্র দেওয়া হয়েছে আইসিসি থেকে।