গণপিটুনিতে ফরিদপুরে দুই ছিনতাইকারী নিহত

ফরিদপুরে যাত্রী সেজে ব্যাটারি চালিত একটি অটোবাইক ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে দুই ছিনতাইকারী নিহত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের কাচারির ট্যাক এলাকায় চালককে ছুরিকাঘাত করে অটো ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে স্থানীয়দের গণপিটুনিতে আহত ৩ ছিনতাইকারীতে উদ্ধার করে হাসপাতালে আনে পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মৃত্যু হয় ওই দুই ছিনতাইকারীর।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চারজন ছিনতাইকারী যাত্রী সেজে ব্যাটারি চালিত একটি অটোবাইক ভাড়া করে শহর থেকে আনন্দবাজার এলাকায় যাচ্ছিলেন। পথে কাচারির ট্যাক এলাকায় ছিনতাইকারীরা অটোবাইক চালক কাওসার মণ্ডলের গলায় পেছন থেকে ছুরি মেরে ফেলে দিয়ে নিজেরাই বাইকটি চালিয়ে যেতে থাকে।

এ সময় আহত অটোবাইক চালক কাওসার চিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে এসে অটোবাইকসহ তিন ছিনতাইকারীকে ধরে ফেলে। এক ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হন। পরে এলাকাবাসী ওই তিন ছিনতাইকারীকে গণপিটুনি দেয়।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জখম অটোবাইক চালক ও আহত তিন ছিনতাইকারীকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত দুই ছিনতাইকারীর মৃত্যু হয়। তারা হলেন- শহরের মোল্লাবাড়ি সড়ক এলাকার বাসিন্দা হিরণ (৩৫) ও আকাশ (৩৮)। অপর ছিনতাইকারী খোকন খন্দকার (৩৬) পুলিশের প্রহরায় চিকিৎসাধীন রয়েছেন।

ওসি আরও বলেন, হাসপাতালে আহত ইজিবাইক চালকের চিকিৎসা চলছে। এ ব্যাপারে কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।