দ্বিতীয় টেস্টে করোনা নেগেটিভ নাসিমের অবস্থা অপরিবর্তিত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের দ্বিতীয়বার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস নেগেটিভ এসেছে। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল কর্র্তৃপক্ষ জানিয়েছে, তার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত। চিকিৎসকরা আশা করছেন, ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হবে।

গত ১ জুন শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তির পর করোনাভাইরাস পজিটিভ আসে মোহাম্মদ নাসিমের। পরে গত শুক্রবার ভোরে তার ‘ব্রেইন স্ট্রোক’ হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান প্রফেসর ডা. রাজিউল হকের নেতৃত্বে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

গতকাল মঙ্গলবার দুপুরে হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী বলেন, ‘গতকাল (সোমবার) রাত ৮টায় মেডিকেল বোর্ড বসেছিল। সেখানে জানানো হয়েছে, তার অবস্থা অপরিবর্তিত, খারাপ হয়নি। এটা হলো আশার খবর। আরেকটা আশার খবর হলো, উনার করোনা রিপোর্ট এসেছে, সেটা নেগেটিভ এসেছে।’

তিনি আরও বলেন, ‘এখন মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিয়েছেন, তারা আরও ৭২ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখতে চান, তারপর দেখতে চান। উনারা আশা করছেন, খুব ধীরে ধীরে তার উন্নতি হবে। সিটি স্ক্যান এখন করানো হবে না। কারণ যে সাপোর্টগুলো আছে তা সরালে সমস্যা হতে পারে।’