৪৫ ভারতীয় নাবিক ফিরিয়ে নিতে বিশেষ ফ্লাইট

মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশে আটকেপড়া ভারতীয় নাবিকদের ফিরিয়ে নিতে ঢাকা থেকে দিল্লিতে একটি বিশেষ ফ্লাইট পরিচালিত হচ্ছে। ৪৫ ভারতীয় নাবিক বন্দরনগরী চট্টগ্রামে অবস্থান করছেন। চট্টগ্রাম  থেকে ঢাকা হয়ে দিল্লিতে যাবেন ইউএস-বাংলায়।

আজ ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট সকাল ৯টায় উড্ডয়ন করবে এবং দিল্লির স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে অবতরণ করবে।

জানা গেছে, ৪৫ জন ভারতীয় নাবিককে ফিরিয়ে নিতে সার্বিক তত্ত্বাবধানে আছে মুম্বাইভিত্তিক সি ডগস মেরিন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। ৭২ আসনের ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা হবে।

এর আগে ইতিপূর্বে কভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে চেন্নাই ও ব্যাংককে আটকেপড়া তিন হাজার বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনতে এবং ২৮ জন তাইওয়ানের নাগরিককে ফিরিয়ে নিতে ঢাকা থেকে দিল্লিতে ইউএস-বাংলা এয়ারলাইনস বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।

বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃক নির্দেশিত সামাজিক দূরত্বসহ সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেই ঢাকা থেকে দিল্লিতে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইনস।